নিজস্ব সংবাদদাতা, ডোমকল: অষ্টম ডোমকল বই ও পৌরমেলার মঞ্চ থেকে বইপাঠের গুরুত্ব এবং বর্তমান সময়ে এআই–এর প্রাসঙ্গিকতা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভম বাজাজ। নতুন বছর উপলক্ষে তিনি নিজে প্রতি মাসে অন্তত একটি করে বই পড়ার অঙ্গীকার করলেন। একইসঙ্গে ছাত্রসমাজ ও যুবসমাজের কাছেও নিয়মিত বই পড়ার আহ্বান জানান ডোমকলের পুলিশ কর্তা। এসডিপিও বলেন, “আধুনিক যুগে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।” তিনি বলেন, নিজেও সারাদিন মোবাইল ফোনের সঙ্গে যুক্ত থাকেন—কখনও কাজের প্রয়োজনে, কখনও বিনোদনের জন্য। তবে এই বাস্তবতার মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রতি মাসে অন্তত একটি বই পড়বেন এবং যুবসমাজকেও সেই অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শুভম বাজাজ বলেন, যারা নিয়মিত বই পড়েন তাঁদের যুক্তিবোধ, চিন্তাভাবনা ও বোধবুদ্ধির বিকাশ ঘটে। অপরদিকে যারা বই পড়েন না, তাঁদের চিন্তাধারায় গভীরতার অভাব দেখা যায় এবং জ্ঞানের পরিসর সীমিত থাকে। ডোমকল থেকে বহু ছাত্রছাত্রী বর্তমানে ডব্লিউবিসিএস, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে, যা বইপাঠের গুরুত্বকেই আরও স্পষ্ট করে।
এআই কি বইয়ের জায়গা দখল করে নিচ্ছে—এই প্রশ্নের উত্তরে এসডিপিও স্পষ্ট ভাষায় বলেন, বইয়ের কোনও বিকল্প নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, যারা এআই তৈরি করছেন বা এই প্রযুক্তির নেতৃত্বে রয়েছেন, তাঁরাও নিয়মিত বই পড়েন। ইলন মাস্ক বা সত্য নাদেলার মতো ব্যক্তিত্বরা কোন মাসে কোন বই পড়বেন, তা আগেই নির্ধারণ করে রাখেন। সুতরাং জ্ঞানচর্চার ক্ষেত্রে বই এখনও অপরিহার্য।
