নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলে শুরু হতে চলেছে অষ্টম বই ও পৌরমেলা। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই বইমেলা ও পৌরমেলার দরজা খুলবে পাঠক ও দর্শনার্থীদের জন্য, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এবছরের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক নীতিন সিংহানিয়া। বইমেলার আয়োজকরা জানান, এবছরের বইমেলা উদ্বোধন করবেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। বইপ্রেমীদের পাশাপাশি শিল্প-সংস্কৃতির অনুরাগীদের আকৃষ্ট করতে এবছর বইমেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে লোকশিল্প ও নবীন শিল্পীদের অংশগ্রহণে।

বইমেলা উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- আবৃত্তি, অঙ্কন, বিতর্ক, সংগীত, ক্যুইজ, শ্রুতি লিখন ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। এই সমস্ত প্রতিযোগিতার ফলে স্থানীয় ছেলে-মেয়ে ও স্কুল পড়ুয়াদের শিল্পচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহিত করবে বলে আশা আয়োজকদের। যুগ্ম কার্যনির্বাহী সভাপতি রেজাউল করিম জানান, বইমেলার চারদিনব্যাপী কর্মসূচিতে থাকছে কবি সম্মেলন, কবিতা পাঠের আসর এবং অন্যান্য অনুষ্ঠান। পাশাপাশি বইমেলার সাংস্কৃতিক মঞ্চে নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় জোর দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গার শিল্পীরা একত্রিত হয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
আয়োজকদের আশা, এবারের বই ও পৌরমেলা ডোমকলের সাহিত্য ও সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করবে এবং বিপুল সংখ্যক পাঠক ও দর্শনার্থীর সমাগম ঘটবে।
