TOP NEWS

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, সাগরপাড়ায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

(সাগরপাড়া থানা। || নিজস্ব চিত্র)

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সাগরপাড়া থানার এক সিভিক ভলান্টিয়ার। ধৃত যুবকের নাম শাহিন আলি। মঙ্গলবার রাতে ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। একজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ ওঠায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই শাহিন আলি তাঁকে উত্যক্ত করত এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়েই মূলত অভিযুক্ত এই কাজ করত। অভিযোগ, মাসখানেক আগে স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাহিন ওই মহিলাকে তাঁর বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। নির্যাতিতা জানান, লোকলজ্জা এবং সংসারে অশান্তির ভয়ে তিনি প্রথমে বিষয়টি কাউকে বলতে পারেননি। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন তাঁকে লাগাতার ব্ল্যাকমেল করতে শুরু করে। শেষমেশ অতিষ্ঠ হয়ে তিনি সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গৃহবধূর স্বামী বলেন, আমার অনুপস্থিতিতে শাহিন আমার স্ত্রীকে প্রায়ই কটূক্তি করত এবং উত্যক্ত করত। অশান্তির আশঙ্কায় আমার স্ত্রী আমাকে আগে কিছু বলেনি। মাসখানেক আগে ও জোর করে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। দিন কয়েক আগে ওকে উত্যক্ত করার সময় আমি হাতেনাতে ধরে ফেলি।

অভিযোগ পাওয়ার সাথে সাথেই তৎপর হয় সাগরপাড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতেই শাহিন আলিকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” পুলিশের প্রাথমিক অনুমান, ক্ষমতার অপব্যবহার করেই ওই যুবক দিনের পর দিন গৃহবধূকে হেনস্থা করে আসছিল। ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!