ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওড়িশার লৈখিক ঐতিহ্য, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং ঐতিহাসিক সত্যতা রক্ষার্থে পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। কটক, বালেশ্বর, অনুগুলের মতো ওড়িশার একগুচ্ছ সুপরিচিত জায়গার ইংরেজি বানান, যা ব্রিটিশ আমলে ওড়িয়া ভাষার মূল উচ্চারণ থেকে ‘বিকৃত’ হয়ে গিয়েছিল, তা অবশেষে সংশোধন করার অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ক্যাবিনেট বৈঠকে ২৬টি জেলার মোট ৬৪টি স্থানের ইংরেজি বানান সংশোধনের এই ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে। রাজ্যের এই বড় সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ওড়িশার মুখ্য সচিব অনু গর্গ জানিয়েছেন, দীর্ঘদিনের দাসত্বের প্রতীক এবং ওড়িয়া উচ্চারণশৈলীর সাথে বেমানান এই বানানগুলি পরিবর্তন করা অত্যন্ত জরুরি ছিল। ওড়িশায় বিজেপি সরকারের সাফল্যের সাথে দুই বছর পূর্ণ করার দিনেই এই সিদ্ধান্তটি নেওয়া হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্রিটিশ আমলের চেনা বানানগুলি এখন থেকে খাঁটি ওড়িয়া ভাষার উচ্চারণ বা ফোনেটিক্স অনুযায়ী লেখা হবে। যেমন- Cuttack এখন থেকে লেখা হবে Kataka, Balasore পরিবর্তিত হয়ে হবে ‘Baleshwar’, Angul এখন থেকে হবে ‘Anugola’, Berhampur হবে ‘Brahmapur’।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন, ঔপনিবেশিক আমলে তৈরি হওয়া এই বানানগুলি ওড়িয়া সংস্কৃতির গরিমা এবং ‘ওড়িয়া অস্মিতা’ (ওড়িয়া আত্মপরিচয়)-কে ক্ষুণ্ণ করছিল। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওড়িয়া অস্মিতার পুনরুদ্ধারকেই অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু বা হাতিয়ার করেছিল বিজেপি।
প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের সমস্ত জেলা শাসকদের নিজ নিজ এলাকার এমন বিকৃত নামগুলি চিহ্নিত করে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। জেলাশাসকদের রিপোর্টের পাশাপাশি সাধারণ জনপ্রতিনিধি এবং আমজনতার থেকেও পরামর্শ নেওয়া হয়। এই সমস্ত প্রস্তাব খতিয়ে দেখার জন্য ওড়িশার বিশিষ্ট সাহিত্যিক ড. প্রতিভা রায়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে সরকার। কমিটি প্রাথমিক তালিকা তৈরি করে তা এক মাসের জন্য জনসমক্ষে রাখে এবং সাধারণ মানুষের মতামত ও ফিডব্যাক সংগ্রহ করে। এরপরই ২৬টি জেলার ৬৪টি জায়গার নামের চূড়ান্ত তালিকা চূড়ান্ত করা হয়, যা শুক্রবার রাতে ক্যাবিনেটের সিলমোহর পেল।
রাজ্য ক্যাবিনেটের এই আনুষ্ঠানিক অনুমোদনের পর ওড়িশা সরকার একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবে। একই সাথে ‘সার্ভে অফ ইন্ডিয়া’, ভারতীয় রেল, ডাক বিভাগ এবং ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারসহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক ও সংস্থাকে তাদের অফিসিয়াল রেকর্ডে এই নতুন ও খাঁটি ওড়িয়া বানানগুলি আপডেট করার জন্য অনুরোধ জানানো হবে।
