TOP NEWS

ছত্তিশগড়ে সাম্প্রদায়িক সংঘর্ষ, অগ্নিসংযোগ; আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৩

(Representation Image)

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জামিনে মুক্তি পাওয়া তিন অভিযুক্তের হাতে স্থানীয়দের নিগৃহীত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার এক গ্রাম। দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টির ঘটনায় অন্তত ছয়জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফিঙ্গেশ্বর থানা এলাকার দুধকাইয়া গ্রামে প্রায় এক বছর আগে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে আরিফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফেরার পর থেকেই তারা স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো এবং মন্দিরের মামলার সাক্ষীদের হেনস্থা করছিল বলে অভিযোগ।

রবিবার সকালে আরিফ ও তার দুই সঙ্গী রড নিয়ে ৪ থেকে ৬ জন যুবকের ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের অভিযোগ ছিল, ওই যুবকরাই পুলিশের কাছে তাদের বিরুদ্ধে নালিশ করেছিল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুধকাইয়া এবং পার্শ্ববর্তী দুটি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে অগ্নিসংযোগ করে। গারিায়াবন্দের পুলিশ সুপার বেদব্রত সিরমোর জানান, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি যানবাহনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়, যাতে ৫ থেকে ৬ জন পুলিশকর্মী জখম হন।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, “গ্রামবাসীদের ওপর হামলা চালানো প্রধান তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।” বর্তমানে গ্রামে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো এলাকার ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!