TOP NEWS

পঞ্চায়েতের টোটো বিক্রি নিয়ে বিতর্ক, দুর্নীতির অভিযোগ বিরোধী সদস্যের

(রায়পুর গ্রাম পঞ্চায়েত অফিস। File Photo)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: পঞ্চায়েতের টোটো বিক্রি নিয়ে বিতর্ক। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ডোমকলের ৮ নম্বর রায়পুর পঞ্চায়েতে পঞ্চায়েতের টোটো বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূল পরিচালিত রায়পুর পঞ্চায়েতের প্রধানের স্বামী রেন্টু মন্ডল পঞ্চায়েতের একটি টোটো ৯০ হাজার টাকার বিনিময়ে স্থানীয় এক মৎসজীবীর কাছে বিক্রি করেছেন। এই অভিযোগ সামনে এনেছেন ওই পঞ্চায়েতেরই জোট সমর্থিত সদস্য রবিউল আলম বিশ্বাস।

সূত্রের খবর, রায়পুর পঞ্চায়েতের কুপিলা এলাকার বাসিন্দা, মৎসজীবী লকিম সেখ প্রায় সাত মাস আগে পঞ্চায়েত প্রধান সখিনা বিবির স্বামী রেন্টু মন্ডলের কাছ থেকে ৯০ হাজার টাকা দিয়ে টোটোটি কেনেন। এরপর ওই টোটো ব্যবহার করে মাছ আনা–নেওয়ার কাজ করতেন তিনি। বর্তমানে টোটোটি একটি তালাবদ্ধ ঘরে রাখা রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্ত টোটো ক্রেতা লকিম সেখ। সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। এমনকি তাঁর বাবা বক্তব্য দিতে চাইলে তাঁকেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, “কিছু বললে টাকা ফেরত পাওয়া যাবে না”—এই আশঙ্কাতেই তিনি মুখ খুলছেন না।

(এই টোটোটি ৯০ হাজার টাকায় বিক্রির অভিযোগ। || নিজস্ব ছবি)

এ বিষয়ে জোট সমর্থিত সদস্য রবিউল আলম বিশ্বাস প্রশ্ন তুলেছেন, “পঞ্চায়েতের সম্পত্তি কীভাবে প্রধানের স্বামী বিক্রি করতে পারেন? এই টোটো তো জনগণের সম্পদ।” তাঁর দাবি, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মন্ডল। তিনি বলেন, “বিরোধীদের যা কাজ তা করবেই। পঞ্চায়েতের টোটো পঞ্চায়েতেই আছে।” যদিও বিরোধী নেতার অভিযোগ নিয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু হয় কি না, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!