ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মুম্বই ও নভি মুম্বইয়ের ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশ বারবার অমান্য করায় পুর প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করল বম্বে হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি সুমন শ্যামের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, নির্দেশ পালন না করলে দুই শহরের পুরকমিশনারদের বেতন বন্ধ করে দেওয়া হবে। আদালতের পর্যবেক্ষণ, বায়ুদূষণ রোধে প্রশাসনের মধ্যে এক ধরণের “যুদ্ধংদেহী অবজ্ঞা” (belligerent disregard) লক্ষ্য করা যাচ্ছে।
শুনানি চলাকালীন বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, পুর আধিকারিকরাও সাধারণ মানুষের মতোই এই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছেন। আদালত মন্তব্য করে, “আপনারা কি কোনো ভিনগ্রহে বাস করেন? আমরা সবাই একই বাতাসে শ্বাস নিচ্ছি। যদি আদালতের নির্দেশ পালন না করা হয়, তবে আমরা কমিশনারদের বেতন বন্ধ করে দেব। এটাকে শেষ সতর্কবার্তা হিসেবে ধরে নিন।”
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)-এর আইনজীবী এস ইউ কামদার আদালতে জানান, তাঁরা বেশ কিছু নির্মাণকাজে ‘স্টপ ওয়ার্ক’ নোটিশ পাঠিয়েছেন। এছাড়া ৬০০টি নির্মাণস্থলের মধ্যে ৪০০টিতে বায়ুমান মাপার যন্ত্র (Air quality monitors) বসানো হয়েছে। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি হাইকোর্ট। আদালত পাল্টা প্রশ্ন তোলে, “এত বছর আপনারা কী করছিলেন? আমাদের কাজ পুরসভা চালানো নয়। প্রতিবার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আদালত বসে নেই।” বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এই পদক্ষেপগুলো শুধুমাত্র আদালতের চাপের কারণেই নেওয়া হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে নয়।
বায়ুদূষণের প্রকৃত চিত্র বুঝতে বিএমসি-র কাছে ওয়ার্ড-ভিত্তিক বিস্তারিত তথ্য এবং ২০২৫ সালের নভেম্বর মাসের আগের তিন মাসের প্রতিদিনের সেন্সর ডেটা (Sensor data) তলব করেছে আদালত। বেঞ্চের বক্তব্য, “আমরা সংখ্যা দেখতে চাই। সংখ্যাই আসল সত্যিটা বলবে।” বম্বে হাইকোর্ট আরও জানায়, বিএমসি এবং নভি মুম্বই পুরসভার হলফনামায় আন্তরিকতার অভাব রয়েছে। আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
