TOP NEWS

“বাসই তো নেই, মহিলারা ছাড় পাবেন কী করে?”— সরকারি বাসের সংকট নিয়ে মুখ্যমন্ত্রী চিঠিকে ডোমকলের বিধায়কের

“বাসই তো নেই, মহিলারা ছাড় পাবেন কী করে?”— সরকারি বাসের সংকট নিয়ে মুখ্যমন্ত্রী চিঠিকে ডোমকলের বিধায়কের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা ঘিরে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে, ঠিক তখনই মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতির কথা তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন মুর্শিদাবাদের ডোমকলের সিপিআই(এম) বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। সরকারের এই জনমুখী ঘোষণা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বাম বিধায়কের প্রশ্ন, “সরকারি বাসই তো নেই, মহিলারা ছাড় পাবেন কী করে?” মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ডোমকলের বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার সিদ্ধান্তটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে ঘোষণার জমকালো আবহের আড়ালে মুর্শিদাবাদের ডোমকল এলাকার যে বাস্তব ও করুণ চিত্র, তা তিনি চিঠিতে সবিস্তারে তুলে ধরেছেন।

মোস্তাফিজুর রহমান তাঁর চিঠিতে অভিযোগ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে বর্তমানে কোনও সরকারি বাস পরিষেবাই সচল নেই। ফলে রাজ্য সরকারের এত বড় একটি ঘোষণার সুবিধা বাস্তবে এই এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ মহিলারা একেবারেই পাবেন না। তাঁর দাবি, এই অঞ্চলে সরকারি পরিবহণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় সাধারণ যাত্রীদের প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিধায়কের বলেন, এই বাসের আকাল শুধু ডোমকলেই সীমাবদ্ধ নয়, বরং গোটা রাজ্য জুড়েই সরকারি বাস পরিষেবার সংকট এখন প্রকট রূপ ধারণ করেছে।

কলকাতা থেকে শুরু করে দূরবর্তী জেলাগুলি— বহু রুটেই এখন সরকারি বাসের দেখা মেলা ভার বললেই চলে। অনেক রুটেই বাস চলাচল প্রায় বন্ধের মুখে। এমন বেহাল পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের এই ঢালাও ঘোষণা আসলে কতটা বাস্তবায়ন করা সম্ভব, তা নিয়ে বিভিন্ন মহলে ও সাধারণ যাত্রীদের মনে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিআই(এম) বিধায়ক তাঁর চিঠির শেষে মুখ্যমন্ত্রীকে পরামর্শ ও দাবি জানিয়ে উল্লেখ করেন, মহিলাদের জন্য ঘোষিত এই বিশেষ সুবিধা যদি সত্যিই কার্যকর করতে হয়, তবে কাগজে-কলমে ঘোষণার আগে পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় নামানো জরুরি। তাই ডোমকল তথা মুর্শিদাবাদের সাধারণ মানুষের স্বার্থে দ্রুত বহরমপুর-ডোমকল-জলঙ্গি রুটে নতুন সরকারি বাস চালু করার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!