ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুজ্জোহা বা বকরি ঈদ উৎসবে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক এক্স বার্তা এই শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় সমাজের শান্তি, সমৃদ্ধি ও সৌভ্রাতৃত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পবিত্র ঈদুজ্জোহার আন্তরিক শুভেচ্ছা! এই বিশেষ উৎসব আমাদের সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং আনন্দের চেতনাকে আরও গভীর করে তুলুক। আমি সকলের সাফল্য এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।” প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তাটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন মহলের মানুষ তাঁর এই বার্তাকে স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে, পবিত্র ঈদুজ্জোহা বা বকরি ঈদ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা (LOP) রাহুল গান্ধি। বৃহস্পতিবার এক্স বার্তার তিনি লেখেন, “ঈদ মোবারক।” দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিরোধী দলনেতা বলেন, “আপনাকে এবং আপনার পরিবারকে বকরি ঈদের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনটি আপনার ঘরকে পারস্পরিক সৌহার্দ্য, উষ্ণতা এবং একতার বন্ধনে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক।” ধর্মীয় সম্প্রীতি, ত্যাগ ও সৌহার্দ্যের এই উৎসবে কংগ্রেস নেতার এই শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খুশির ঈদ।
