ডোমকলে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জোরালো দাবি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি সাংসদ আবু তাহের খানের

(মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। || নিজস্ব চিত্র)

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমায় একটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। ডোমকলের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পিছিয়ে পড়া কৃষক পরিবারের সন্তানদের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ সুনিশ্চিত করতেই এই দাবি জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে সাংসদ উল্লেখ করেছেন, ডোমকল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত বিকাশমান মহকুমা। এখানে বিপুলসংখ্যক সাধারণ মানুষের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী ও শ্রমিক শ্রেনীর পরিবার বসবাস করেন। তা সত্ত্বেও এই বিস্তৃত অঞ্চলে কোনো কেন্দ্রীয় বিদ্যালয় না থাকায় স্থানীয় শিক্ষার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন-এর অধীনে সিবিএসই বোর্ডের আধুনিক ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হতে হচ্ছে। চিঠিতে সাংসদ লেখেন, জেলায় জওহর নবোদয় বিদ্যালয় গ্রামীণ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করলেও, স্থানান্তরযোগ্য চাকরিজীবী পরিবার এবং সর্বভারতীয় মানের পাঠ্যক্রমের চাহিদা মেটাতে ডোমকলে একটি কেন্দ্রীয় বিদ্যালয় গঠন করা অত্যন্ত জরুরি।

নতুন কেন্দ্রীয় বিদ্যালয় মঞ্জুর করার প্রাথমিক ধাপ হিসেবে দ্রুত জমি সমীক্ষা পরিচালনা করা এবং ডোমকলে একটি বিদ্যালয় অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন সাংসদ আবু তাহের খান। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নির্ধারিত নিয়মাবলী মেনে বিদ্যালয় তৈরির জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত জমি এবং স্থায়ী ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বিকল্প অস্থায়ী ক্লাসরুমের বন্দোবস্ত করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

মুর্শিদাবাদের সীমান্তবর্তী ডোমকল মহকুমায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপিত হলে তা স্থানীয় শিক্ষাঙ্গনে এক বিরাট দিগন্ত উন্মোচন করবে। আবু তাহের বলেন, পিছিয়ে পড়া ও কৃষক পরিবারের সন্তানরা তুলনামূলক সাশ্রয়ী খরচে দেশের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারবে। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে স্থানীয় ছাত্র-ছাত্রীরা বিশেষ সুবিধা পাবে। দেশের শিক্ষা পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ডোমকলবাসীর এই যুক্তিসঙ্গত দাবিটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!