TOP NEWS

হাদি হত্যায় অশান্ত বাংলাদেশ: এবার মাথায় গুলি এনসিপি নেতার, ভর্তি হাসপাতালে

ডেইলি ডোমকল, ঢাকা: হাদির পর এবার মাথায় গুলি করা হল এনসিপি নেতাকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দুষ্কৃতীরা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে খুলনার নগরের সোনাডাঙ্গা এলাকায়। সূত্রের খবর, গুলিবিদ্ধ নেতাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন- এনসিপি নেতার কানে গুলি লেগেছে। তবে অবস্থা আশঙ্কামুক্ত।

পুলিশ সূত্রে খবর, মোতালেবের চিকিৎসা চলছে। তাঁর বাঁ চোখের দিকে চোট লেগেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁর মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মোতালেবকে দুষ্কৃতীরা গুলি করা। তারপর তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও বলেন, আহতের কানের এক পাশে গুলি ঢুকে চামড়া ভেদ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করা হয়েছিল ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনা সামনে আসার পরপরই বাংলাদেশ জুড়ে তাণ্ডব শুরু হয়। হাদি হত্যায় দেশে চরম ভারত বিরোধিতার ঢেউ আছড়ে পড়েছে। ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলিতে হামলার চেষ্টা করেছে কট্টরপন্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!