নিজস্ব সংবাদদাতা, ডোমকল: বিধানসভা নির্বাচনের মুখে এবার ভোটকর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ মহকুমা শাসক (SDO)। ডিউটিতে আসা ভোটকর্মীদের জন্য বরাদ্দ টাকা সঠিক পরিমাণে না দেওয়ার অভিযোগে ডিসিআরসি (DCRC) সেন্টারে বিক্ষোভ দেখাল। পরিস্থিতি সামাল দিতে আসেন মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক।
ভোটের সরঞ্জাম সংগ্রহ করতে নির্দিষ্ট ডিআরসি সেন্টারে হাজির হয়েছিলেন হাজার হাজার ভোটকর্মী। নিয়ম অনুযায়ী, প্রশিক্ষন বা ডিউটির দিনগুলিতে ভোটকর্মীদের খাবারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা (Allowance) বরাদ্দ থাকে। অভিযোগ, এদিন ডিআরসি সেন্টার থেকে ভোটকর্মীদের প্রাপ্য টাকার চেয়ে অনেক কম টাকা দেওয়া হচ্ছিল। এক ভোট কর্মী বলেন, সরকার নির্ধারিত ভাতার সম্পূর্ণ অংশ তাঁদের হাতে পৌঁছাচ্ছে না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর সামান্য টাকা দিয়ে তাঁদের “অপমান” করা হচ্ছে। বরাদ্দ টাকা নিয়ে প্রশাসনের অন্দরে স্বচ্ছতার অভাব রয়েছে। টাকা কম দেওয়ার বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা।
তাদের অভিযোগ, বিক্ষুব্ধ কর্মীরা একজোট হয়ে ডিসিআরসি সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় মহকুমা শাসক (SDO) পরিস্থিতি খতিয়ে দেখতে এলে তাঁকে ঘিরে ধরেন কয়েকশো কর্মী। চলে স্লোগান ও তর্কাতর্কি। এক বিক্ষুব্ধ ভোটকর্মী সামিম আক্তার বলেন, “আমরা রোদে-জলে ডিউটি করতে প্রস্তুত। কিন্তু আমাদের জন্য বরাদ্দ টাকা মাঝপথে কোথায় উধাও হয়ে যাচ্ছে? প্রশাসনের শীর্ষকর্তারা এর জবাব দিন। কঠোর পরিশ্রমের বিনিময়ে প্রাপ্য সম্মানটুকুও কি পাওয়া যাবে না?”
বিক্ষোভের মুখে পড়ে মহকুমা শাসক শুভঙ্কর বালা জানান, টাকা বিলির ক্ষেত্রে কোনও প্রযুক্তিগত সমস্যা বা হিসেবের ভুল হতে পারে। আপনারা শান্ত হোন, সবার টাকা দেওয়া হবে।
