ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র সমালোচনা করল রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে, তার কোনও যুক্তিসংগত ভিত্তি নেই। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক বলেছে, যুক্তরাষ্ট্রের এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। ভেনেজুয়েলার আত্মনিয়ন্ত্রণের অধিকার কোনও বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত করতে হবে এবং লাতিন আমেরিকাকে শান্তির অঞ্চল হিসেবেই বজায় রাখা জরুরি।
মস্কো জানিয়েছে, ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার যে আহ্বান জানানো হয়েছে, তারা তার পূর্ণ সমর্থন করছে। একইসঙ্গে মস্কো ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সে দেশের নেতৃত্বের পাশে থাকার বার্তা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতির অবনতি রোধ করা অত্যন্ত জরুরি এবং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। ভেনেজুয়েলার বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ স্থাপনে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং কারাকাসে রাশিয়ার দূতাবাস স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাচ্ছে।
