আন্তর্জাতিক আইনকে ‘ডোন্ট কেয়ার’, ভেনেজুয়েলায় মার্কিন হামলায় উদ্বিগ্ন UN মহাসচিব
(United Nations Secretary-General Antonio Guterres || File Photo)
ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মুখপাত্র স্টেফান দুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্যই নয়, গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিণতি ডেকে আনতে পারে। বিবৃতিতে গুতেরেস বলেন, “ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে।” তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের সমস্ত বিধান সম্পূর্ণভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।
মহাসচিবের মুখপাত্র দুজারিক জানান, আন্তর্জাতিক আইনের নিয়ম যথাযথভাবে মানা হয়নি বলে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গুতেরেস ভেনেজুয়েলার সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সংকট মোকাবিলায় সংঘাত নয়, বরং “অন্তর্ভুক্তিমূলক সংলাপের” পথেই এগোতে হবে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।
