ডেইলি ডোমকল, কলকাতা: বিজেপি-শাসিত একাধিক রাজ্যে লাগাতার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহ ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাগুলিকে ‘নির্মম ও অমানবিক’ মন্তব্য করে তিনি বলেন, “শুধুমাত্র বাংলাভাষী হওয়ার কারণে কাউকে নিশানা করা সম্পূর্ণ অসাংবিধানিক এবং নিন্দনীয়।”
গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যেই বাংলাভাষী মানুষ, বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন। এ পর্যন্ত অন্তত ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর সামনে এসেছে। মমতা স্পষ্ট ভাষায় বলেন, “বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না।”
Read More: ওড়িশায় ফের খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সুতি এলাকার তরুণ পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নিহত জুয়েল রানার পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ভিন রাজ্যে নিগৃহীত ও সন্ত্রস্ত সমস্ত পরিযায়ী শ্রমিকদের সব ধরনের সহযোগিতা করবে রাজ্য। যেসব পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা করা হবে। তিনি আরও জানান, জুয়েল রানার মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় জিরো এফআইআর দায়ের করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যে ছয় জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, তদন্তে সহায়তার জন্য রাজ্য পুলিশের একটি বিশেষ দল ওড়িশায় পাঠানো হয়েছে।
