ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল খেয়ে এগারো জনের মৃত্যু হয়েছে। অসুস্থের সংখ্যা ২০০। তারা প্রত্যেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। চাপের মুখে জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে মোহন যাদবের সরকার। এই পরিস্থিতিতে ‘বিষজল’ নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার এক এক্স পোস্টে রাহুল লেখেন, “ইন্দোরে জল ছিল না—বিতরণ করা হচ্ছিল বিষ। আর প্রশাসন কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে ছিল।” কংগ্রেস নেতার অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার জেরে সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হচ্ছে।
দূষিত জলে মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকের ওপর চড়ান হন বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। এনডিটিভির সাংবাদিক অনুরাগ দ্বারীর দূষিত জল নিয়ে প্রশ্নের উত্তরে সাংবাদিক কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করেন বিজয়বর্গীয়। তাঁর ওই মন্তব্যে নাম না করে বিজেপি নেতাকে কটাক্ষ করেছেন দেশের বিরোধী দলনেতা। রাহুল বলেন, “ঘরে ঘরে শোক নেমে এসেছে, দরিদ্র মানুষ অসহায়। তার উপর আবার বিজেপি নেতাদের অহংকারী মন্তব্য। যাঁদের উনুন নিভে গেছে, তাঁদের সান্ত্বনার প্রয়োজন ছিল—কিন্তু সরকার উপহার দিয়েছে দম্ভ।”
Read More: মধ্যপ্রদেশে বিষজলে প্রাণ কাড়ল বহু
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পানীয় জলের পাইপলাইনে লিকেজের কারণে ড্রেনের নোংরা (নিকাশির) জল ঢুকে পড়েছিল। এর ফলেই ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় ডায়ারিয়ার প্রাদুর্ভাব ঘটে। উল্লেখ্য, এই এলাকা মধ্যপ্রদেশের নগর উন্নয়ন ও আবাসনমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের ইন্দোর-১ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, প্রায় ১,৪০০ থেকে ১,৫০০ মানুষ এই ঘটনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে মধ্যপ্রদেশ কংগ্রেসও মোহন যাদব সরকারের তীব্র সমালোচনা করেছে। হাত শিবিরের বক্তব্য, “রাজ্যে দূষিত জল পান করে মানুষ মারা যাচ্ছে, আর সেই প্রশ্ন তোলা হলে বিজেপি সরকারের মন্ত্রীরা গুণ্ডামি ভাষায় কথা বলছেন।”
