সাগরপাড়া: ২২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ গ্রেফতার ২ পাচারকারী
নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ এবং পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে, সাহেবনগরের চারাবটতলা এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপের একটি বড় চালান পাচার হতে চলেছে। এই তথ্যের ভিত্তিতে সাগরপাড়া থানার একটি বিশেষ পুলিশ দল এলাকাটি ঘিরে ফেলে এবং ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন মোটর বাইককে সেখানে পৌঁছাতে দেখে পুলিশ সেটিকে আটক করে। মোটর বাইকটিতে তল্লাশি চালিয়ে ২২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। পাচারকাজে যুক্ত থাকার অভিযোগে বাইক আরোহী দু’জনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে এই নিষিদ্ধ ওষুধ অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইন বা এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বহরমপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনার পেছনে আর কোনো বড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচার চক্র জড়িত রয়েছে কি না, এবং এই চালানের মূল কারবারি কে—তা খতিয়ে দেখতে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
