ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে খতম হলো ৭ জন মাওবাদী। মৃতদের মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা লোকেটি চন্দর রাও ওরফে প্রভাকরও রয়েছে। এই এনকাউন্টারে সি-৬০ কম্যান্ডো বাহিনীর এক জওয়ানেরও মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৩ ফেব্রুয়ারি রাতে গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তে ফোডেওয়াড়া গ্রামের কাছে এই বিশেষ অভিযান শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাওবাদীদের ‘কোম্পানি নম্বর ১০’-এর খোঁজে তল্লাশি চালায় সি-৬০ ফোর্সের ১৪টি দল। গত বুধবার দুটি মাওবাদী ক্যাম্প ধ্বংস করার পর শুক্রবার পর্যন্ত চলা এই অভিযানে মোট ৭ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।
মৃত শীর্ষ নেতা প্রভাকর (৫৩) তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বাসিন্দা ছিলেন এবং ১৯৯৫ সাল থেকে আত্মগোপন করে ছিলেন। তাঁর মাথার ওপর ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি পশ্চিম আঞ্চলিক কমান্ডের সচিব এবং গড়চিরোলি ডিভিশনাল কমিটির ইনচার্জ ছিলেন।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত সি-৬০ জওয়ান দীপক চিন্ন মাডভি (৩৮)-কে বিমারাগড়ে এয়ারলিফ্ট করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জগা মাডভি নামে আরেক জওয়ান আহত হয়েছেন, তবে তিনি বিপদমুক্ত বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি একে-৪৭ রাইফেল, একটি সেলফ-লোডিং রাইফেল (SLR) এবং অন্য একটি .৩০৩ রাইফেল উদ্ধার করেছে। এলাকায় তল্লাশি অভিযান এখনো চলছে।
