ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমনটাই দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এক প্রতিবদেনে বলা হয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে। তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র মার্কিন সফর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি চ্যানেল ১২-র দাবি, এই বৈঠকের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনের কৌশল।
ইয়েদিওত আহরোনোথ জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি অত্যন্ত গুরুতর। একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হলে তার ক্ষয়ক্ষতি একটি ছোট আণবিক বোমার আঘাতের সমতুল্য হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।
