ডেইলি ডোমকল, বেজিং: মহাকাশ গবেষণায় এলন মাস্কের সংস্থা ‘স্টারলিঙ্ক’-এর একাধিপত্য খর্ব করতে এবার বিশাল বড় পদক্ষেপ নিল চিন। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) জানিয়েছে, চিন মহাকাশে ২ লক্ষেরও বেশি ইন্টারনেট স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।
বর্তমানে বিশ্বজুড়ে মহাকাশ-ভিত্তিক ইন্টারনেট পরিষেবায় এলন মাস্কের ‘স্টারলিঙ্ক’ সবথেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। বেজিংয়ের এই মেগা-প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো স্টারলিঙ্ককে ছাপিয়ে গিয়ে বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ চিনের মহাকাশ কর্মসূচির ইতিহাসে এক ঐতিহাসিক মোড়। একসঙ্গে এত বিপুল সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করার মাধ্যমে চিন কেবল বাণিজ্যিক ইন্টারনেট ব্যবসাই নয়, বরং কৌশলগত ও সামরিক দিক থেকেও মহাকাশে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলোর নজর এখন এই বিশাল প্রকল্পের দিকে। এর ফলে ভবিষ্যতে মহাকাশে ট্রাফিক জ্যাম বা ধ্বংসাবশেষ (Space Debris) বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা।
