TOP NEWS

বিডিও অফিস ভাঙচুর: তৃণমূল বিধায়ক মনিরুলের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের

(ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। || নিজস্ব চিত্র)

ডেইলি ডোমকল, কলকাতা: গত সপ্তাহে ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক কর্তা বিষয়টি জানিয়েছেন। কমিশনের পক্ষ থেকে মুর্শিদাবাদের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এই এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, এসআইআর (SIR) প্রক্রিয়ার সময় ‘সাধারণ মানুষকে হয়রানি’ করার প্রতিবাদে গত সপ্তাহে ফরাক্কার বিডিও অফিসের সামনে সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম। পরিস্থিতি তখন আরও ঘোরালো হয়ে ওঠে যখন বিধায়কের নেতৃত্বে একদল আন্দোলনকারী ওই প্রক্রিয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিডিও অফিসের দিকে মিছিল করে যান। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ওঠে।

কমিশনের আধিকারিক জানান, বিক্ষোভ চলাকালীন এক পর্যায়ে আন্দোলনকারীরা বিডিও অফিসে ভাঙচুর চালায়। নির্বাচন কমিশন এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক (DGP) রাজীব কুমারের সঙ্গে কথা বলেন এবং এফআইআর দায়ের করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে আগে একটি মামলা রুজু করা হলেও, সেখানে অভিযুক্ত হিসেবে বিধায়কের নাম ছিল না। কমিশন এবার কড়া অবস্থান নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, মনিরুল ইসলামের নাম উল্লেখ করে নতুন করে এফআইআর করতে হবে।

যদিও কমিশনের পদক্ষেপের পর মণিরুল ইসলাম বলেন, “আইন আইনের পথে চলবে। বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!