TOP NEWS

“সবাই ফ্রি বাস পাচ্ছে, আমরা কেন পাবো না?”: সরকারি বাস না থাকায় ক্ষোভ ডোমকলের মহিলাদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: নির্বাচনী প্রচারে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ করে সোমবার (১ জুন) থেকেই রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা চালু করা হয়েছে। বাসে উঠলেই মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘জিরো ভ্যালু’ টিকিট। সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্তে রাজ্যের মহিলা আনন্দিত হলেও, সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ডোমকল মহকুমায়। রাজ্যের অন্যান্য প্রান্তের মহিলারা প্রথম দিন থেকেই এই সুবিধার আওতায় এলেও, চরম বঞ্চনার শিকার হলেন ডোমকলের মহিলারা। কারণ, এই মহকুমার কোনও রুটেই বর্তমানে একটিও সরকারি বাস চলাচল করে না।

সরকারি বাস পরিষেবা কার্যত ‘শূন্য’ থাকায় প্রথম দিন থেকেই ক্ষোভে ফুঁসছেন এলাকার প্রমিলা বাহিনী। ক্ষোভ উগরে দিয়ে এক মহিলা যাত্রী বলেন, “সরকারের নিয়ম অনুযায়ী বাংলার সব জায়গার মহিলারাই ফ্রি বাস পরিষেবা পাচ্ছে। তাহলে ডোমকলের মহিলারা কেন এই অধিকার থেকে বঞ্চিত থাকবে? আমরা কেন সুবিধা পাবো না? সরকারের কাছে দাবি, আমাদের এই রুটগুলিতেও অবিলম্বে সরকারি বাস চালু করা হোক।”

ডোমকল মহকুমার এই যোগাযোগের বেহাল দশা একদিনে তৈরি হয়নি। একসময় ডোমকল, সাগরপাড়াসহ মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে একাধিক রুটে নিয়মিত সরকারি বাস যাতায়াত করত। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ও নিত্যযাত্রীরা অত্যন্ত স্বল্প খরচে সেই বাসে চড়ে যাতায়াতের সুযোগ পেতেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে প্রশাসনের উদাসীনতায় একের পর এক রুট বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে ডোমকল মহকুমা দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC)-এর একটিও বাস চলাচল করে না। এর ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে প্রতিদিন চড়া ভাড়া দিয়ে এবং বাদুড়ঝোলা হয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছে। এই অবস্থায় সোমবার থেকে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত চালু হলেও, ডোমকলের মহিলাদের কাছে তা ‘আকাশ কুসুম’ গল্পে পরিণত হয়েছে। এক মহিলা যাত্রী তাঁর নিত্যদিনের সমস্যার কথা তুলে ধরে বলেন, “আমরা মহিলারা প্রয়োজনে রাস্তায় বেরোলে চরম গাড়ির সমস্যায় পড়তে হয়। এই রুটে পর্যাপ্ত বাস না থাকায় সন্ধ্যার পর কাজ সেরে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। সরকার যদি এই রুটে সরকারি বাস চালু করে, তবেই আমরা এই নতুন প্রকল্পের প্রকৃত সুবিধা পাব এবং উপকৃত হব।”

পিঙ্কি মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা স্পষ্ট বলেন, “ডোমকল থেকে জেলা সদর বহরমপুর যাওয়ার রুটে কোনও সরকারি বাস চলে না। আমাদের এলাকায় সরকারি বাস না থাকার কারণে বিনা ভাড়ায় যাতায়াতের এই দুর্দান্ত সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত রইলাম। সরকারের কাছে আমাদের জোরালো আবেদন, দ্রুত এই রুটে সরকারি বাসের ব্যবস্থা করা হোক।” অন্য এক মহিলা অবশ্য সরকারের এই সদিচ্ছাকে সাধুবাদ জানিয়ে বলেন, “নতুন সরকার মহিলাদের জন্য এত বড় একটা সুযোগ দিয়েছে, এটা খুবই ভালো বিষয়। কিন্তু আমাদের কপাল খারাপ যে বাসই নেই। বাস থাকলে আমাদের অনেক টাকা সাশ্রয় হতো।”

রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই জনমুখী প্রকল্পকে ডোমকল মহকুমায় সফল করতে হলে সবার আগে বন্ধ হয়ে যাওয়া সরকারি বাসের রুটগুলি পুনরায় চালু করা দরকার। তা না হলে খাতায়-কলমে প্রকল্প থাকলেও, পরিবহনের অভাবে ডোমকলের হাজার হাজার মহিলারা এই সরকারি পরিষেবা থেকে ব্রাত্যই থেকে যাবেন। ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “নতুন রাজ্য সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা করেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো, বর্তমানে ডোমকল-জলঙ্গি-করিমপুর রুটে কোনও সরকারি বাস অবশিষ্ট নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!