TOP NEWS

নেপালে আজ ‘গণতন্ত্রের পরীক্ষা’: জেন-জি বিক্ষোভের আবহে ভোট উৎসবে শামিল পাহাড়ি দেশ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: উত্তাল রাজনৈতিক অস্থিরতা আর গণবিক্ষোভের পর অবশেষে নেপালে শুরু হলো ভোটগ্রহণ। আজ, ৫ মার্চ বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে লম্বা লাইন চোখে পড়ছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। গত সেপ্টেম্বরে জেন-জি (Gen Z) প্রজন্মের আন্দোলনের জেরে কমিউনিস্ট সরকারের পতনের পর, এই নির্বাচন নেপালের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।

নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর মোট ২৭৫টি আসনে আজ লড়াই চলছে। ভোটারদের সুবিধার্থে ভোট নেওয়া হচ্ছে জোড়া ব্যালটে। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নেপালের ক্ষমতার মসনদে কে বসবেন, তা নিয়ে লড়াই এখন তুঙ্গে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হলো ছয় জন প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মুখ সমরে নামা। একদিকে যেমন পোড়খাওয়া রাজনীতিকরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, অন্যদিকে পাল্লা দিচ্ছে তরুণ তুর্কিরা। ৬৫৪১ জন প্রার্থীর মধ্যে ৪০ বছরের কমবয়সি প্রার্থীর সংখ্যা এক হাজারের বেশি, যা নেপালের রাজনীতিতে নতুন প্রজন্মের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্ট করে দিচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ৯ সেপ্টেম্বর নেপালের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসে। মূলত জেন-জি প্রজন্মের হাত ধরে শুরু হওয়া তীব্র গণবিক্ষোভের জেরে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি সরকারের। তরুণ প্রজন্মের সেই ক্ষোভ ও দাবিদাওয়া এই নির্বাচনে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার।

একদিকে রাজনৈতিক অভিজ্ঞতার ভার, অন্যদিকে নতুন প্রজন্মের পরিবর্তনের ডাক—এই দুইয়ের দোলাচলে নেপালের ভাগ্য এখন ব্যালট বক্সের ভেতর। দিনের শেষে কার দিকে পাল্লা ভারি থাকে, তার দিকেই তাকিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!