ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: গুগলের মূল সংস্থা অ্যালফাবেট তাদের সিইও সুন্দর পিচাইয়ের জন্য আগামী তিন বছরের যে সম্ভাব্য পারিশ্রমিক প্যাকেজ ঘোষণা করেছে, তা দেখে চোখ কপালে ওঠার জোগাড় বিশ্বের অর্থ-মহলের। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তি নেতার মোট সম্ভাব্য বেতন ও ইনসেনটিভের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯২ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩,৬১৭ কোটি টাকারও বেশি। এই বিপুল পরিমাণ অর্থের সিংহভাগই নগদ নয়, বরং কোম্পানির শেয়ার এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, প্যাকেজের ১২৬ মিলিয়ন ডলার আসছে পিএসইউ থেকে। যদি অ্যালফাবেট শেয়ার বাজারে এসঅ্যান্ডপি ১০০ (S&P 100)-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়, তবে এই অংক দ্বিগুণ হয়ে ২৫২ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আগামী তিন বছর প্রতি মাসে পিচাই ৮৪ মিলিয়ন ডলার মূল্যের স্টক পাবেন। তার মূল বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮ কোটি টাকা)।
সুন্দর পিচাইয়ের নেতৃত্বে গুগল এখন শুধু সার্চ ইঞ্জিন বা ইউটিউবে সীমাবদ্ধ নেই। স্বয়ংচালিত গাড়ি ‘ওয়েমো’ (Waymo) এবং ড্রোন ডেলিভারি সংস্থা ‘উইং’ (Wing)-এর অভাবনীয় সাফল্যের জন্য তাকে বিশেষ ইনসেনটিভ দেওয়া হচ্ছে। ওয়েমো থেকে ১৩০ মিলিয়ন ডলার এবং উইং এভিয়েশন থেকে ৪৫ মিলিয়ন ডলারের শেয়ার বরাদ্দ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ করলে এই অংক ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
২০১৫ সালের আগস্টে যখন সুন্দর পিচাই সিইও হিসেবে দায়িত্ব নেন, তখন গুগলের বাজারমূল্য ছিল ৫৩৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৬ ট্রিলিয়ন ডলারে, যা প্রায় সাত গুণ বৃদ্ধি। চলতি বছরের জানুয়ারিতে এই মূল্য ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলকও স্পর্শ করেছিল।
প্রতিযোগীদের তুলনায় কোথায় দাঁড়িয়ে পিচাই?
বিশ্বের অন্যান্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের তুলনায় সুন্দর পিচাইয়ের এই প্যাকেজ অনেক এগিয়ে। মাইক্রোসফট সিইও সত্য নাদেলা ২০২৫ অর্থবর্ষে আয় করেছেন ৯৬.৫ মিলিয়ন ডলার। অ্যাপলের টিম কুকের বার্ষিক আয় ছিল ৭৪.৩ মিলিয়ন ডলার। উল্লেখ্য, ৫৩ বছর বয়সী এই প্রাক্তন ম্যাককিনসে কনসালটেন্ট ২০০৪ সালে গুগলে যোগ দিয়েছিলেন। ক্রোম ব্রাউজার তৈরি এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাফল্যের পেছনে তার অবদান অনস্বীকার্য। বর্তমানে ব্যক্তিগতভাবে পিচাই এবং তার স্ত্রীর কাছে প্রায় ৪৯৮ মিলিয়ন ডলার মূল্যের গুগলের শেয়ার রয়েছে।
