TOP NEWS

রেফারের যন্ত্রণা থেকে মুক্তি, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো আধুনিক সিসিইউ পরিষেবা

(ডোমকল হাসপাতালে ৫ বেডের অত্যাধুনিক সিসিইউ। || নিজস্ব চিত্র।)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল মহকুমার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো নতুন পালক। প্রান্তিক এলাকার মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসা দিতে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্বোধন করা হলো ৫ বেডের অত্যাধুনিক সিসিইউ (Critical Care Unit) পরিষেবা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ওয়ার্ডটির পথ চলা শুরু হয়। এদিন ফিতে কেটে পরিষেবার উদ্বোধন করেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ, ডোমকল থানার আইসি তপাই বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস এবং হাসপাতালের সুপার কৌশিক আদিত্য-সহ অন্যান্য প্রশাসনিক পদাধিকারীরা।

হাসপাতাল সূত্রে খবর, এটি একটি ‘হাইব্রিড সিসিইউ ওয়ার্ড’। বর্তমানে ৫টি বেডের মধ্যে দুটি বেডে রয়েছে অত্যাধুনিক ভেন্টিলেটর সাপোর্ট। মূলত হৃদরোগে আক্রান্ত বা অত্যন্ত আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে এই ওয়ার্ডটি জীবনদায়ী হিসেবে কাজ করবে। এতদিন ডোমকলের সাধারণ মানুষকে সামান্য জটিলতার ক্ষেত্রেই বহরমপুর বা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হতো। এবার থেকে স্থানীয় হাসপাতালেই সেই চিকিৎসা মিলবে।

(ফিতে কেটে পরিষেবার উদ্বোধন করেন সাংসদ আবু তাহের খান। || নিজস্ব চিত্র।)

যদিও হাসপাতাল সুপার কৌশিক আদিত্য বলেন, “আশঙ্কাজনক রোগী এলে প্রাথমিক চিকিৎসার পর আগে আমাদের অন্য হাসপাতালে রেফার করতে হতো। এবার থেকে আমরা এখানেই চিকিৎসা দিতে পারব। এর ফলে রোগী রেফারের সংখ্যা অনেকটাই কমবে।” তবে তিনি এও মেনে নিয়েছেন যে, ডোমকলের মতো জনবহুল এলাকায় ৫টি বেড পর্যাপ্ত নয়। ভবিষ্যতে বেডের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন সুপার।

এদিকে সাংসদ আবু তাহের খান জানান, এই সিসিইউ চালুর ফলে বিশেষ করে মহকুমার প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন উপকৃত হবেন। আধুনিক যন্ত্রপাতির সুবিধা থাকায় এখন থেকে রোগীদের অনেকটা সময় বেঁচে যাবে, যা সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোমকল হাসপাতালের এই নতুন পদক্ষেপে চিকিৎসা ব্যবস্থার মান আরও এক ধাপ উন্নত হলো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!