TOP NEWS

নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআইয়ের জালে আরও ২, ধৃতের সংখ্যা বেড়ে ১৩; হদিশ মিলল মূল মাথার

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আরও দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এর ফলে এই মামলায় দেশজুড়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। ধৃতদের মধ্যে একজন লাতুরের চিকিৎসক এবং অন্যজন পুণের একটি নামী কোচিং সেন্টারের পদার্থবিদ্যার শিক্ষক। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষার আগেই বাজারে ছড়িয়ে পড়া পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার প্রশ্ন ফাঁসের মূল উৎসের হদিশ মেলা সম্ভব হয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নতুন করে গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হলেন- ডঃ মনোজ শিরুরে। তিনি মহারাষ্ট্রের লাতুরের চিকিৎসক। তদন্তকারীদের অনুমান, নিট প্রশ্ন ফাঁসের চক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওই চিকিৎসক। অপর ধৃত ব্যক্তি পি ভি কুলকার্নির কাছ থেকে রসায়নের ফাঁসের প্রশ্নপত্র সংগ্রহ করে তা তিন জন পরীক্ষার্থীর কাছে পৌঁছে দিয়েছিলেন ডঃ মনোজ। এই তিন ছাত্রের মধ্যে এই মামলার অন্যতম অভিযুক্ত তথা একটি কোচিং সেন্টারের মালিকের ছেলেও রয়েছে। পুণের একটি কোচিং সেন্টারের পদার্থবিদ্যার শিক্ষক তেজস শাহ। সিবিআই-এর দাবি, এই মামলায় আগেই রাডারে আসা পুণের শিক্ষিকা মনীষা হাভালদারের কাছ থেকে পদার্থবিদ্যার ফাঁসের প্রশ্নপত্রটি সংগ্রহ করেছিলেন তেজস।

এই আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে সিবিআই-এর একাধিক বিশেষ টিম একযোগে কাজ করছে। গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের মোট ৪৯টি আস্তানায় ম্যারাথন তল্লাশি চালানো হয়েছে। অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র, ল্যাপটপ এবং মোবাইল ফোন। এই সমস্ত ডিজিটাল ডিভাইস ও নথিগুলির ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। উল্লেখ্য, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে গত ১২ মে প্রশ্ন ফাঁস কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্তে নামে সিবিআই। মামলা রুজু হওয়ার পরই বিশেষ দল গঠন করে দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে, লাতুর এবং আহলিয়ানগরের মতো একাধিক শহরে তল্লাশি চালায় সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!