‘পকেটে ৫০ গ্রাম পাউডার গুঁজে দেবো’: আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি পুলিশ কর্মীর, ভাইরাল ভিডিও

ডিডি ডিজিটাল ডেস্ক: আন্দোলনকারী শিক্ষার্থীদের পকেটে মাদক রেখে ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগে পুলিশের এক ড্রাইভারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল মুম্বই পুলিশ। একই সাথে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার এই পদক্ষেপ নেয় মুম্বই পুলিশ। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, পুলিশ ভ্যানের ভেতরে ধৃত শিক্ষার্থীদের উদ্দেশে গাড়ির ড্রাইভার ওই পুলিশকর্মী বলছেন— তারা যদি পুনরায় আন্দোলনে ফিরে আসে, তবে তাদের পকেটে ‘৫০ গ্রাম পাউডার’ (মাদক) গুঁজে দেওয়া হবে। হিন্দিতে হুমকি দিয়ে ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, “তোমাদের যদি এখানে আবার দেখি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি সোজা তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে দেব। তারপর তোমাদের জীবন শেষ, কোনো জামিনও পাবে না। তোমাদের জন্য আমাদের কষ্ট পোহাতে হচ্ছে।” আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ কেবল হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, অনেককে তাঁদের লাইভ লোকেশন শেয়ার করতে বলা হয়েছে এবং বিক্ষোভ চালিয়ে গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুম্বই পুলিশের ডিসিপি আকবর পাঠান জানান, ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে একটি বিভাগীয় তদন্ত চালু করা হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে বর্তমান পোস্টিং থেকে মুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তবে এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের এই ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুম্বই কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, “এটি কেবল শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। নিজের দাবি তোলা কোনো অপরাধ নয়। হুমকি না দিয়ে দায়বদ্ধতার সাথে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেওয়া উচিত ছিল।”

 

 

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র ব্যানারে চলা বিক্ষোভ আন্দোলনের সমর্থনে সম্প্রতি দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লিতে ‘সংসদ চলো’ অভিযানে নামা আন্দোলনকারীদের ওপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বুধবার মুম্বইয়ের বৃষ্টিভেজা রাস্তায় মিছিল করেন বহু শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক কর্মী। মুম্বই পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত ১৮ জুলাই থেকে শহরের বিভিন্ন স্থানে হওয়া বিক্ষোভ ও আন্দোলনের ঘটনায় পুলিশ অন্তত ১৩টি এফআইআর দায়ের করেছে। বেআইনি জমায়েত, বেআইনি পথ অবরোধ এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে প্রায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!