TOP NEWS

এসআইআর বাতিলের দাবিতে প্রতিবাদ ডোমকলে, পুড়ল নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি (NRC) করার চক্রান্ত এবং এসআইআর (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে প্রতিবাদ ডোমকলে। শনিবার ডোমকল ব্রিজ মোড়ে জমায়েত হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল “ঘাম ঝরায় যারা, নাগরিক তারা”, “এসআইআর-এর নামে চক্রান্ত বাতিল করো” এবং “ভোটার তালিকায় হয়রানি বন্ধ করো”-র মতো একাধিক দাবি সংবলিত প্লাকার্ড। কমিশনের দ্বিচারিতা নিয়েও স্লোগান তোলেন তারা। বিক্ষোভের শেষ পর্যায়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার আড়ালে আসলে এনআরসি-র চক্রান্ত করা হচ্ছে। তাঁদের অভিযোগ, গণ-শুনানির নামে নোটিশ জারির সংখ্যা বর্তমানে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমের সামনে বলেন, “মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতেই যাচাইকরণের জন্য সবচেয়ে বেশি ভোটারদের তলব করা হচ্ছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই হয়রানি চালানো হচ্ছে।”

মানবাধিকার সংগঠন এপিডিআর-এর ডোমকল শাখার সম্পাদক আব্দুল গনি জানান, জনসংখ্যার আনুপাতিক হারের সঙ্গে নোটিশ জারির সংখ্যার এক গভীর ও রহস্যজনক যোগসূত্র রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এই এসআইআর প্রক্রিয়া বাতিল করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে ডোমকলের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!