TOP NEWS

এসআইআর-এর প্রতিবাদ: ফেব্রুয়ারি নাগাদ দিল্লির দরবারে সরব হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী

(গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়।)

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে এবার সরাসরি দিল্লির দরবারে সরব হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই তাঁর রাজধানী সফরের প্রবল সম্ভাবনা রয়েছে।

রাজ্যজুড়ে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR) নিয়ে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক টানাপোড়েন এখন তুঙ্গে। এরই মাঝে মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য দিল্লি সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নবান্ন ও তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলাকালীন রাজ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এই বিষয়ে এর আগে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি লিখেছিলেন তিনি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা জবাবে তিনি সন্তুষ্ট নন বলেই জানা গেছে। দলীয় নেতৃত্বের একাংশের দাবি, কমিশনের উদাসীনতাই তাঁকে জাতীয় স্তরে প্রতিবাদের পথে ঠেলে দিয়েছে।

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, মমতার এই দিল্লি সফরের অন্যতম উদ্দেশ্য হলো এসআইআর ইস্যুতে অন্যান্য বিরোধী দলগুলিকে একজোট করে কমিশনের ওপর চাপ সৃষ্টি করা। তবে তাঁর সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনও স্থির হয়নি। দলের অন্দরের গুঞ্জন, সংসদের অধিবেশন চলাকালীনই তিনি দিল্লি পৌঁছে কেন্দ্রীয় বঞ্চনা ও নির্বাচন কমিশনের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠতে পারেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া শুরু হয়। সেদিনই রাজপথে নেমে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে, রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি তুলে ধরতে এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করতে খুব শীঘ্রই দিল্লি যাবেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!