নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পাঝরাপাড়া এলাকায় সরিষা খেত থেকে উদ্ধার হলো এক মেধাবী মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ। পড়ার টেবিলে ফেরার কথা দিলেও শেষ পর্যন্ত সেই কিশোর ফিরল নিথর দেহ হয়ে, যা শোকের ছায়া নামিয়েছে গোটা এলাকায়। মৃত কিশোরের নাম সাহিন মন্ডল (১৬)। এই ঘটনাকে কেন্দ্র করে খয়রামারী পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে সাহিন জানায় যে সে একটু বাইরে থেকে ঘুরে এসে পড়তে বসবে। কিন্তু রাত গড়িয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবার পরিজনরা। রাতভর খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি সরিষা খেতে সাহিনের নলি কাটা দেহ পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। তাঁর চিৎকারেই গ্রামবাসীরা জড়ো হন। দেখা যায়, কিশোরের নলি কাটা রক্তমাখা দেহ পড়ে রয়েছে।
মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ও অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। কিশোরের পরিবারের দাবি, সোমবার রাতে তারা থানায় নিখোঁজ ডায়েরি করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি এবং তাঁদের ফিরিয়ে দেয়। শোকাতুর পরিবারের আক্ষেপ, “পুলিশ যদি সময়মতো পদক্ষেপ নিত, তবে আমাদের ছেলেকে এভাবে প্রাণ হারাতে হতো না।” বাড়ির একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা এখন দিশেহারা।
স্থানীয় বাসিন্দা মনিরুল মোল্লা জানান, “সকালে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শর্ষে খেতে সাহিনের নিথর দেহ পড়ে আছে। ছেলেটি অত্যন্ত মেধাবী এবং শান্ত স্বভাবের ছিল। কারো সঙ্গে কোনো ঝুটঝামেলায় তাকে কখনও দেখা যায়নি। এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়।”
খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের বাবা রমজান মন্ডল বলেন, “ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই। তবে বন্ধুদের মধ্যে কোনো বিবাদ ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখুক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ডোমকলের এসডিপিও (SDPO) শুভম বাজাজ জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঠিক কী কারণে এই খুন, তা জানার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।” তবে পুলিশের প্রাথমিক অনুমান, পরিচিত কেউ বা বন্ধুদের কোনো চক্র এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ ও সময় স্পষ্ট হবে।

2 thoughts on “মাঠের মধ্যে কিশোরের নলি কাটা দেহ উদ্ধার, নৈপথ্যে কি বন্ধুত্বের বিবাদ! তদন্তে পুলিশ”