TOP NEWS

বাংলার ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ করার ডাক দিলেন বিজেপি সভাপতি, ‘ইতিহাস জানে না’ পাল্টা তৃণমল

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক বছরগুলিতে উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার নানা ঐতিহাসিক শহরের নাম পরিবর্তন করেছে। এবার সেই একই মডেল বাংলায় প্রয়োগ করার ইঙ্গিত দিল গেরুয়া শিবির। উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর’ করার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সোমবার উত্তর দিনাজপুরে দলীয় একটি প্রচার সভায় দাঁড়িয়ে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনী আবহে তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন সভা চলাকালীন জনতার উদ্দেশে নীতিন নবীন প্রশ্ন ছুড়ে দেন, “এই জায়গাটার নাম ইসলামপুর। আপনারা কি চান না এর নাম ঈশ্বরপুর হোক?” উত্তর দিনাজপুরের এই গুরুত্বপূর্ণ জনপদটির নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “রাজ্যে সরকার বদলালেই ইসলামপুর বদলে ঈশ্বরপুর হয়ে যাবে।” মূলত হিন্দুত্বের আবেগ উসকে দিয়ে ভোটারদের মন জয় করতেই বিজেপির এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

নীতিন নবীনের এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নাম পরিবর্তনের রাজনীতিকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি নাম বদলে দিলেই তো আর ইতিহাস বদলে দিতে পারবে না। নথিপত্রে নাম পাল্টে কি পলাশীর যুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনাগুলি মুছে ফেলা সম্ভব?” পাশাপাশি তৃণমূলের দাবি, উন্নয়ন বা জনহিতকর কাজের বদলে নাম পরিবর্তনের মতো ইস্যু সামনে এনে বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। এতেই তাদের সংকীর্ণ মানসিকতা প্রকাশ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!