TOP NEWS

সরকারের সমালোচনামূলক ভিডিও বানানোর ‘শাস্তি’! ডোমকলে গ্রেফতার ২ কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: রাজ্যে হকার উচ্ছেদ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো জনস্বার্থের ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে সরব হওয়াই কি কাল হলো? বর্তমান বিজেপি সরকারের কড়া সমালোচনা করে ভিডিও কনটেন্ট বানানোর অভিযোগে ডোমকল থেকে গ্রেফতার হলেন দুই কনটেন্ট ক্রিয়েটর। তারা হলেন— ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন নীতি নিয়ে সম্প্রতি একটি সমালোচনামূলক ভিডিও প্রকাশ করার পরেই সোমবার তাঁদের গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ধৃত ফিরোজ এবং রাজেশ সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ‘দ্য থটস অব রিয়ালিটি’ নামক একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরেই তাঁরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে ভিডিও বানিয়ে আসছিলেন।

সূত্রে জানা গিয়েছে, বিগত তৃণমূল সরকারের আমলেও বিভিন্ন দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী ইস্যু নিয়ে প্রতিবাদী কনটেন্ট তৈরি করে পরিচিতি লাভ করেছিলেন ফিরোজ ও রাজেশ। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ভিডিও-ও তৈরি করতেন তাঁরা। অল্প সময়ের মধ্যেই তাঁদের পেজটি নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়েও একইভাবে সমালোচনামূলক ভিডিও প্রকাশ করতে থাকেন এই দুই যুবক। সম্প্রতি বর্তমান সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করে ভিডিও প্রকাশ করে তারা, এই অভিযোগে সোমবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর এক কনটেন্ট ক্রিয়েটরকে আক্ষেপ করে বলতে শোনা যায়, “যাদের জন্য এসব করলাম, তারা আজ কেউ পাশে নেই।” তবে এই গ্রেফতারি প্রসঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই গ্রেফতারির ঘটনা সামনে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত বলে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের এই অতি-সক্রিয়তার তীব্র নিন্দা জানিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ইমতিয়াজ কবির সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ ফিরোজ আলী, কাল হয়তো অন্য কেউ। সরকারের সমালোচনা করা, প্রশ্ন তোলা কিংবা ভিন্নমত প্রকাশ করা কোনো অপরাধ নয়। ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিককে মত প্রকাশের স্বাধীনতার অধিকার দিয়েছে। সেই অধিকার প্রয়োগ করার জন্য একজন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক বার্তা।” তিনি আরও বলেন, “আমি কোনো ব্যক্তি বা মতাদর্শের নয়, নাগরিকের সাংবিধানিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছি। কারণ আজ যদি ভিন্নমতকে অপরাধ হিসেবে দেখা হয়, তাহলে আগামী দিনে সত্য কথা বলার সাহসও হারিয়ে যাবে। গণতন্ত্রে জবাবের উত্তর জবাব দিয়ে দিতে হয়, গ্রেফতার দিয়ে নয়। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”

এক মানবাধিকার কর্মীর বক্তব্য, “নতুন সরকারের আমলে এই ধরণের গ্রেফতারি মুক্ত সাংবাদিকতা ও স্বাধীন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক ভয়ের পরিবেশ তৈরি করতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!