ছাত্র-যুবদের মিছিল নিয়ে ‘আপত্তিকর’ সোশ্যাল মিডিয়া পোস্ট: ডোমকলে তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ কংগ্রেসের

(Image: Daily Domkal)

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে ডোমকলে আয়োজিত ছাত্র-যুবদের শান্তিপূর্ণ মিছিলকে ‘দেশবিরোধী’ তকমা! সামাজিক মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের কটাক্ষ এবং আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট করার অভিযোগে এক তরুণীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল যুব কংগ্রেস। ডোমকল বিধানসভা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওই তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Also Read: ডোমকলে প্রতিবাদে রাজপথে নামল ছাত্র-যুবরা

জানা গিয়েছে, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে ডোমকলের স্থানীয় ছাত্র-যুবদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। অভিযোগ উঠেছে, সেই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মিছিলকে কালিমালিপ্ত করতে এবং এলাকায় সম্প্রীতি নষ্ট করতে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্য পোস্ট করেন ডোমকলের সঞ্চিতা কুন্ডু নামের এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী। ওই তরুণী তাঁর ফেসবুক প্রোফাইল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উচ্চারণ নিয়ে উপহাস করার পাশাপাশি ‘দেশবিরোধী’ তকমা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তিনি তাঁর পোস্টে লেখেন, নিটের ফুল ফর্ম জানে না, আবার এদের আন্দোলন চাই, আজাদী চাই…বলছি পাকিস্তান চলে যা তোরা, ইন্ডিয়াতে আজাদী পাবি না।

এখানেই থেমে না থেকে, এলাকার সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে তরুণী লেখেন, আজাদী আজাদী করে যারা চিৎকার করছে তারা কি আদৌ ভারতীয়? নাকি বাংলাদেশের মতো করে দেশটাকে ভাঙতে চাইছে? যদি তাই হয় তাহলে পালিশ করা দরকার। যুব কংগ্রেসের দাবি, ছাত্র-যুবদের পাকিস্তানি ও বাংলাদেশি বলে দাগিয়ে উস্কানিমূলক পোস্ট করা হয়েছে। ওই তরুণীর ফেসবুক আইডিতে আরও একাধিক উস্কানিমূলক ও আপত্তিকর পোস্ট রয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।

ডোমকল বিধানসভা যুব কংগ্রেসের প্রতিনিধিরা শনিবার ডোমকল থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের দাবি, অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে অবিলম্বে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করতে হবে। নিরপেক্ষ তদন্ত চালিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামাজিক মাধ্যমে যাতে কেউ ছদ্মবেশে বা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক উসকানি ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে। ডোমকল থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট সামনে আসতেই স্থানীয় স্তরে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ তৈরি হয়। যুব কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান বলেন, ডোমকল ঐতিহ্যগতভাবেই একটি সম্প্রীতি বজায় রাখা এলাকা, যেখানে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করেন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও ঘৃণামূলক পোস্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে।

Read More: সরকারের সমালোচনামূলক ভিডিও বানানোর ‘শাস্তি’! ডোমকলে গ্রেফতার ২ কনটেন্ট ক্রিয়েটর

উল্লেখ্য, গত ২৩ জুন, রাজ্যে হকার উচ্ছেদ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো জনস্বার্থ ইস্যু নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে ভিডিও কনটেন্ট বানানোর অভিযোগে ডোমকলে গ্রেফতার হয়েছিল দুই কনটেন্ট ক্রিয়েটর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনামূলক ভিডিও প্রকাশ করার পরই ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল-কে গ্রেফতার করেছিল ডোমকল থানার পুলিশ। সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় ‘দ্য থটস অব রিয়ালিটি’ নামক একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। এবার সরাসরি উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!