ডেইলি ডোমকল, কলকাতা: মুর্শিদাবাদ জেলা তথা শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের দৈনিক যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। আগামী ২০ জুন থেকে বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত ৩টি মেমু এবং ১টি ইমু লোকাল ট্রেনের রুট সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে বহরমপুর কোর্ট থেকে লালগোলার মধ্যে একটি সম্পূর্ণ নতুন ইমু লোকাল ট্রেন পরিষেবাও শুরু হতে চলেছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
সম্পূর্ণ নতুন ট্রেন ও রুট সম্প্রসারণের সময়সূচি
বহরমপুর কোর্ট – লালগোলা নতুন ইমু লোকাল: নতুন সময়সূচি অনুযায়ী, ৩১৭৭৭ বহরমপুর কোর্ট-লালগোলা ইমু লোকালটি প্রতিদিন সকাল ০৮:৩৫ মিনিটে বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে রওনা দেবে এবং সকাল ০৯:৩৫ মিনিটে লালগোলা পৌঁছবে।
কৃষ্ণপুর – বহরমপুর কোর্ট লোকাল: রুট সম্প্রসারণের তালিকায় থাকা ৩১৭৭৬ কৃষ্ণপুর-কাশিমবাজার লোকালটি আগামী ২০ জুন থেকে সরাসরি বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটি তার পূর্ব নির্ধারিত সময় সকাল ০৬:৫৫ মিনিটে কৃষ্ণপুর থেকে ছেড়ে সকাল ০৭:৪৭ মিনিটে বহরমপুর কোর্টে পৌঁছবে।
আজিমগঞ্জ-কাশিমবাজারে ৩টি মেমু ট্রেনের রুট বদল
আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে চলাচলকারী তিনটি মেমু ট্রেনের রুটও কাশিমবাজারের পরিবর্তে এবার বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৬৩০৪২ আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট মেমু সকাল ০৬.৫৫ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে সকাল ০৭.২০ মিনিটে বহরমপুর কোর্ট পৌঁছবে এবং ফিরতি পথে ৬৩০৪১ মেমু সকাল ০৭৩৫ মিনিটে বহরমপুর কোর্ট ছেড়ে সকাল ০৮০২ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে। দ্বিতীয় পরিষেবাটিতে ৬৩০৪৬ মেমু সন্ধ্যা ১৯.৫০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে রাত ২০.১৫ মিনিটে বহরমপুর কোর্ট পৌঁছবে এবং ফিরতি পথে ৬৩০৪৫ মেমু রাত ২০.৫৩ মিনিটে বহরমপুর কোর্ট ছেড়ে রাত ২১.২০ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে। শেষ মেমু ট্রেনটি (৬৩০৫৮) রাত ২১.৩০ মিনিটে আজিমগঞ্জ থেকে রওনা হয়ে রাত ২১.৫৭ মিনিটে বহরমপুর কোর্ট পৌঁছবে এবং ফিরতি লাইনে ৬৩০৫৭ মেমু রাত ২২.১২ মিনিটে বহরমপুর কোর্ট থেকে ছেড়ে রাত ২২.৩৯ মিনিটে আজিমগঞ্জে গিয়ে যাত্রা শেষ করবে।
সময় বদলাচ্ছে আজিমগঞ্জ-নলহাটি মেমু প্যাসেঞ্জারের
রুট সম্প্রসারণের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ৬৩০৩৩ আজিমগঞ্জ-নলহাটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০ জুন থেকে ট্রেনটি তার পুরনো সময়ের চেয়ে আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রেনটি রাত ২২:৩৪ মিনিটের পরিবর্তে রাত ২৩:০৪ মিনিটে আজিমগঞ্জ থেকে ছাড়বে। রাত ২৩:৪০ মিনিটের বদলে মধ্যরাত ০০:১০ মিনিটে ট্রেনটি নলহাটি পৌঁছবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুটের বাকি মাঝের স্টেশনগুলির সময়ও নতুন সূচি মেনে কিছুটা পরিবর্তিত হবে। পূর্ব রেলের আশা, এই নতুন উদ্যোগ, ট্রেনের রুট বৃদ্ধি এবং সময়সূচির পরিবর্তনের ফলে মুর্শিদাবাদ, নদিয়াসহ আশেপাশের জেলার হাজার হাজার দৈনিক যাত্রী, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত ও গতিশীল হবে।
