নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: তামিলনাড়ুতে মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার এক পরিযায়ী শ্রমিকের। সোমবার চেন্নাইয়ে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম আমাই শেখ (বয়স ৩০)। তিনি মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা। ওড়িশায় পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মৃত্যুর কয়েক সপ্তাহ পর ফের আরেক শ্রমিকের মৃত্যু হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ে দৈনিক মজুরিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন আমাই শেখ। সোমবার রাতে তাঁর সঙ্গে কাজ করা মুর্শিদাবাদের কয়েকজন বন্ধু ফোন করে পরিবারকে মৃত্যুর খবর জানান। মুর্শিদাবাদ জেলা পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত জানতে চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
মৃতের পরিবার অভিযোগ করেছে, চেন্নাইয়ে আমাইকে কেউ খুন করেছে। পরিবারের এক সদস্য বলেন, “আমাদের বিশ্বাস, ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা রাজ্য প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।”
আমাই শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তাঁর ওপর নির্ভরশীল ছিলেন স্ত্রী, তিন নাবালক ছেলে ও মা। প্রতিবেশীরা দ্রুত তাঁর দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য অর্থ সংগ্রহ শুরু করেছেন। হাড়োয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, দেহ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে দলের সাংসদ খলিলুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে।
