ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সাথেই পশ্চিমবঙ্গ থেকে শূন্য হতে চলা ৫টি আসনেও নতুন সাংসদ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ। পরদিন অর্থাৎ ৬ মার্চ মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি বা যাচাই করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। ভোটগ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ১৬ মার্চ। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই অর্থাৎ ওইদিনই বিকেল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা।
পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫জন সাংসদের মেয়াদ শেষ হওয়ায় এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদায়ী সাংসদদের তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। এছাড়া, বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্য-এর মেয়াদও শেষ হচ্ছে। পঞ্চম আসনটি খালি রয়েছে মৌসম নুরের ইস্তফার পর। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে মৌসম নুর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়।
