“চোখের বদলে চোখ”: পরিকাঠামোয় হামলার মার্কিন হুমকিতে পাল্টা হুঁশিয়ারি ইরানের
(Iran's foreign minister Abbas Araghchi)
ডিডি ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে যেকোনো বাণিজ্যিক জাহাজে আক্রমণের পাল্টা হিসেবে ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এই প্রচ্ছন্ন হুমকির জবাবে এবার চরম কড়া হুঙ্কার দিল তেহরান। বুধবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশের কোনো পরিকাঠামোয় হামলা চালানো হলে ইরানও ঠিক একই ভাষায় সমপরিমাণ ধ্বংসাত্মক জবাব দেবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মার্কিন হুমকি নস্যাৎ করে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি লেখেন, “আমাদের প্রতিরক্ষা নীতি অত্যন্ত পরিষ্কার, চোখের বদলে চোখ। ইরান কিংবা আমাদের জাতীয় পরিকাঠামোর ওপর যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আমরা এক শক্তিশালী ও কঠোরতম জবাব দিতে বাধ্য হব।” তিনি স্পষ্ট করে দেন, কোনো ধরনের চোখরাঙানিকে তোয়াক্কা না করে নিজেদের সুরক্ষায় সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান।
অন্যদিকে, ওয়াশিংটনের এই হুমকিকে গুরুত্ব না দিয়ে ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়াও সামনে এনেছে দেশের সরকারি সম্প্রচারমাধ্যম। সামরিক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, আমেরিকার এই ধরনের উসকানিমূলক হুমকি ও আগ্রাসী মনোভাবের একমাত্র পরিণতি হবে যুদ্ধের ব্যাপক বিস্তার। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এভাবে একের পর এক চোখরাঙানি রক্তক্ষয়ী সংঘাতকে সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
