নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ভরতপুরের বিধায়ক পুত্রকে আটক করল পুলিশ। রবিবার জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে আটক করেছে পুলিশ। বিধায়কের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীকে মারধর করেছেন হুমায়ুন পুত্র বলে দাবি পুলিশের। পিটিআই-কে জেলা পুলিশের এক আধিকারিক জানান, ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খানের অভিযোগের ভিত্তিতেই আজাদকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জানা গিয়েছে, লিখিত অভিযোগে ওই কনস্টেবল উল্লেখ্য করেছেন, কয়েক দিনের ছুটির আবেদন জানাতে গেলে রবিবার সকালে বিধায়কের ছেলে তাঁর উপর চড়াও হন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। পুলিশের ওপর চড়াও ও হেনস্থা নিয়ে সরব হয়েছে শাসক দল।তৃণমূল বলেছে, আজাদ একজন পুলিশকর্মীর উপর হাত তুলেছেন, যা একটি আমলযোগ্য অপরাধ। আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং এর সঙ্গে শাসক দলের কোনও যোগ নেই বলেও দাবি করেছে ঘাসফুল শিবির।
এদিকে পুলিশের ওপর চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের বলেন, “আজ আমার ছেলে বাড়ির ভিতরে এক পুলিশকর্মীর ঢোকায় আপত্তি জানিয়েছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে পুলিশ মিথ্যা অভিযোগ চাপিয়েছে।” হুমায়ুন আরও বলেন, “মিথ্যা অভিযোগে বেআইনিভাবে আমার ছেলেকে আটক করা হয়েছে। অবিলম্বে তাঁর মুক্তি চাই।”
বিধায়কের অভিযোগ, কোনও “তুচ্ছ অজুহাতে” একজন নির্বাচিত জনপ্রতিনিধির বাড়ি ঘিরে ফেলা বা এই ধরনের পদক্ষেপ নেওয়া পুলিশের এক্তিয়ারের বাইরে। এরপরই হুঁশিয়ারি দিয়ে জেইউপি প্রধান বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই হয়রানির প্রতিবাদে আমি ১ জানুয়ারী মুর্শিদাবাদের এসপি অফিস ঘেরাও করব। আমি আজকের ঘটনার বিষয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাইছি। তারা আমাকে ভয় দেখাতে পারেন না।” তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের ইন্ধনেই পুলিশ তাঁকে নিশানা করছে।
