TOP NEWS

রানিনগর, ডোমকল ও জলঙ্গি: জনতার রায় কার ঝুলিতে? রাত পোহালেই ভাগ্য নির্ধারণ

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব মিটতেই এখন সবার নজর গণনা কেন্দ্রের দিকে। ডোমকল মহকুমার তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র— রানিনগর (৬৩), ডোমকল (৭৫) এবং জলঙ্গি (৭৬)-এর প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য এখন ইভিএম বন্দি। সোমবার সকাল থেকেই শুরু হবে ভোট গণনা, আর তার পরেই স্পষ্ট হবে কার দখলে যাচ্ছে এই তিন আসন।

জানা যায়, সোমবারের গণনাকে সামনে রেখে রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এদিন ডোমকলে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের পদস্থ আধিকারিক এবং প্রতিদ্বন্দ্বী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোট গণনার প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে কমিশনের আধিকারিকরা প্রার্থীদের সঙ্গে নিয়ে স্ট্রং রুম (Strong Room) পরিদর্শন করেন। ইভিএম মেশিনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রার্থীদের আশ্বস্ত করা হয় এবং ভোট গণনার নিয়মাবলী পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, ডোমকল মহকুমার এই তিনটি কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হবে ডোমকল গার্লস কলেজে। সোমবার সকাল ৭টা থেকে গণনা শুরু হবে।

ভোট গণনাকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ডোমকল গার্লস কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা এলাকা এখন কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি নজরদারির পাশাপাশি পরিচয়পত্র ছাড়া কাউকে গণনা কেন্দ্রের আশেপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এখন শুধু সময়ের অপেক্ষা। আগামীকাল সকালেই জানা যাবে ডোমকল, রানিনগর ও জলঙ্গির মানুষ আগামী পাঁচ বছরের জন্য কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!