প্লেব্যাক থেকে অবসর! বছরের শুরুতেই অনুরাগীদের মন ভাঙলেন অরিজিৎ সিং
(Singer Arijit Singh. || Image Credit: FB/@ArijitSingh)
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ২০২৬-এর শুরুতেই বিনোদন জগতে বড়সড় ধাক্কা। প্লেব্যাক সিঙ্গিং বা চলচ্চিত্রের নেপথ্য গায়কের কেরিয়ারে ইতি টানার ঘোষণা করলেন বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, দীর্ঘ সময় ধরে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত ও পেশাদার জীবনের এই মোড়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, এরপর থেকে চলচ্চিত্রের জন্য আর কোনও নতুন গানে কণ্ঠ দেবেন না। সামাজিম মাধ্যমে এক পোস্টে অরিজিৎ লেখেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দীর্ঘ বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি আজ আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে আমি প্লেব্যাক গায়ক হিসেবে আর কোনও নতুন কাজ নেব না। আমি এখানেই ইতি টানছি। সফরটা দুর্দান্ত ছিল।”
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বলিউডের এই ‘মেলোডি কিং’-এর অবসর ঘোষণার কোনো নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বলিউড থেকে টলিউড—তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থেকেছে আসমুদ্রহিমাচল। অরিজিতের এই ঘোষণায় হতবাক সংগীত পরিচালক থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেগের জোয়ার।
তবে কি আর অরিজিতের গান শোনা যাবে না? ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, প্লেব্যাক ছাড়লেও হয়তো তিনি নিজের ব্যক্তিগত অ্যালবাম বা মিউজিক কনসার্টে মনোনিবেশ করবেন। কিন্তু সিনেমার পর্দায় আর তাঁর নতুন গান শোনা যাবে না—এই বিষয়টি মেনে নিতে পারছেন না লক্ষ লক্ষ ভক্ত। অরিজিতের এই ‘অবসর’ কেবল একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি সোনালী যুগের অবসান বলেই মনে করছেন অনেকে।
