TOP NEWS

এসআইআর: মুর্শিদাবাদ-মালদহ-উত্তর ২৪ পরগণায় ২৫ লক্ষ নাম বিচারাধীন, শুরু বিচারবিভাগীয় স্ক্রুটিনি

ডেইলি ডোমকল, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা (SIR) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে তালিকা প্রকাশ হলেও এখনই কাটছে না সংশয়। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের তথ্য বর্তমানে ‘বিচারাধীন’ (Under Adjudication) অবস্থায় রয়েছে। তথ্যের অসঙ্গতি ও পরিচয়পত্রের বৈধতা যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ৫০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেছেন।

কমিশনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি জেলাতেই এই বিচারাধীন ভোটারদের ভিড় সবচেয়ে বেশি। মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগণা—এই তিন জেলা মিলিয়েই রাজ্যের মোট বিচারাধীন মামলা ২৫ লক্ষের বেশি, অথার্ৎ শতাংশের হিসেবে ৪২ শতাংশ।

মুর্শিদাবাদ: তালিকার শীর্ষে এই জেলা। এখানে ১১,০১,১৪৫ জন ভোটারের নাম ঝুলে রয়েছে। যা রাজ্যের মোট বিচারাধীন মামলার ১৮.৩৫ শতাংশ।

মালদহ: দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় ৮,২৮,১২৭টি (১৩.৮০%) মামলা যাচাইয়ের অপেক্ষায়।

উত্তর ২৪ পরগণা: এই জেলায় ৫,৯১,২৫২টি (৯.৮৫%) নাম নিয়ে স্ক্রুটিনি চলছে।

উল্লেখ্য, মুর্শিদাবাদ ও মালদহ সংখ্যালঘু অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। এই জেলাগুলোতে পরিচয়পত্র যাচাইয়ের কড়াকড়ি এবং পরিযান সংক্রান্ত সমস্যার কারণেই বিচারাধীন মামলার সংখ্যা এত বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নির্বাচন কমিশনের ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়ায় এ পর্যন্ত রাজ্যজুড়ে মোট ৬১,৭৮,২৪৫ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমানে যে ৬০ লক্ষ নাম বিচারবিভাগীয় স্তরে পর্যালোচনায় রয়েছে, সেগুলোর সব কটি বৈধ নাও হতে পারে। তবে কমিশন আশ্বস্ত করেছে, যদি কোনো ভোটারের নথিপত্র বৈধ বলে প্রমাণিত হয়, তবে তাঁদের নাম ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!