নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: পবিত্র ‘কুরআন’ নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। পদ্ম বিধায়কের ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শনিবার কংগ্রেস নেতা বলেন, “স্বামী বিবেকানন্দের প্রদত্ত সর্বজনীন সহনশীলতা ও গ্রহণযোগ্যতার আদর্শকে উপেক্ষা করে অন্য ধর্মকে অসম্মান করা নিজেই একপ্রকার অধর্ম।” অধীরের দাবি, সমাজে ঘৃণা ও বিভেদ ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তিনি যে মন্তব্য করেছেন তা আইনের চোখেও অপরাধ।
প্রাক্তন সাংসদ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “রাজ্যের পুলিশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কী করছেন? তৃণমূলের বিরুদ্ধে একটি কথা বললেই যেখানে গ্রেপ্তার করা হয়, সেখানে পবিত্র কুরআনের অবমাননা সত্ত্বেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?” অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই ধরনের ‘সমাজের শত্রুদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তাঁর কথায়, “কী অঙ্ক, কী কৌশল দিদির? কেন এই ধরনের ঘৃণামূলক বক্তব্য ও আচরণকে কার্যত প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং কেন দোষীদের জেলে ভরা হচ্ছে না?” বিরোধীদের দাবি, ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর পদক্ষেপ জরুরি, অন্যথায় সমাজে অশান্তি ছড়ানোর আশঙ্কা থেকেই যাবে।
